অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করছেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তাঁরা পদত্যাগ করবেন বলে সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এ ব্যাপারে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার বিকাল ৩টায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা। সাধারণত প্রতি মঙ্গলবার মধ্যাহ্নভোজের পাশাপাশি উপদেষ্টারা বৈঠকে মিলিত হন। গতকালের বৈঠকে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি ওঠে। সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে দুই উপদেষ্টা বুধবার পদত্যাগ করছেন।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন। আর মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দুজন উপদেষ্টা পদত্যাগ করলে তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ ফাঁকা হবে। গুরুত্বপূর্ণ এই তিনটি মন্ত্রণালয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে নাকি পুরোনোদের মধ্যেই দায়িত্ব বণ্টন করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।
সরকারের শীর্ষ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, উপদেষ্টা আদিলুর রহমান খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেওয়া হতে পারে। তিনি বর্তমানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে। সরকারের ভেতরে এই আলোচনাই চলছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, আদিলুর রহমান প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। এ মন্ত্রণালয়ের অনিয়ম নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে উঠে আসা খবরের কারণে দায়িত্ব নিতে অনাগ্রহ দেখান তিনি। কারণ, অনিয়মের দায়ভার তাঁর ওপরও যেতে পারে। তবে সরকারের চিন্তা হচ্ছে, শেষ সময় এসে নতুন কাউকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে না। পুরোনোদের মধ্য থেকে দেওয়া হবে। সেই চিন্তা থেকে শেষ পর্যন্ত আদিলুর রহমানকে রাজি করানো হয়।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণায়ের উপদেষ্টার দায়িত্ব পান।
অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা আরও সময় চান। সরকার-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়সহ উপদেষ্টা পরিষদের অনেকে এই ব্যাপারে মোটামুটি একমত যে তফসিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধির উপদেষ্টার সরকারে থাকা উচিত হবে না। তাঁরা নির্বাচন করুন আর না করুন, তাঁদের পদত্যাগ করতে হবে। শেষ পর্যন্ত সরকারের মনোভাব জেনে তফসিল ঘোষণার ঠিক আগে আগে পদত্যাগ করতে যাচ্ছেন দুই উপদেষ্টা।
উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা থেকে ভোট করবেন, সেটা আগেই জানিয়েছেন। তিনি গত ৯ নভেম্বর ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেন। এরপর ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন বলে আলোচনা ছড়িয়ে পড়ে। এমনকি বিএনপির সঙ্গে সমঝোতা বা দলটি থেকে ভোট করতে চান বলেও খবর বের হয়। অবশ্য ৪ ডিসেম্বর বিএনপি দ্বিতীয় দফায় যে ৩৬টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে, তাতে ঢাকা-১০ আসনও রয়েছে। এমতাবস্থায় আসিফ মাহমুদ স্বতন্ত্র নাকি কোনো দল থেকে ভোট করবেন; তাঁর রাজনৈতিক ঠিকানা কী হবে-সেটা এখনো পরিষ্কার নয়।
অন্যদিকে উপদেষ্টা মাহফুজ আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে। আসনটিতেও বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করেনি। তবে গত সোমবার বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম দলের নেতা-কর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় তাঁকে লক্ষ্মীপুর-১ আসন থেকে মনোনয়ন দেওয়ার কথা জানায় বিএনপি। ফলে লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির সঙ্গে সমঝোতা করে মাহফুজের ভোট করার সম্ভাবনা ক্ষীণ।